বনানীর ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নিহতের সংখ্যা২৫ জনের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক। এই আগুনে আহত হয়ে অন্তত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাহিদুল ইসলাম তুষার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
টাঙ্গাইল মির্জাপুরের গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের ইঞ্জিনিয়ার ইশহাক আলীর তিন ছেলের মধ্যে দ্বিতীয় তিনি। বাবার চাকরির সুবাধে দীর্ঘসময় ছিলেন মাগুরা সদরে। তুষার ক্রিকেট খেলতেন। ছিলেন মাগুরা জেলা ক্রিকেট টিমের সদস্য।
নিয়মিত ঘরোয়া লীগে খেলা বাঁ হাতি পেসার তুষারকে লেফটি তুষার বলে ডাকতো তার বন্ধুরা। স্বপ্ন ছিল একদিন জাতীয় পর্যায়ে খেলবেন তিনি।
কিন্তু বনানীর এফআর টাওয়ারের আগুনে তুষারের সেই স্বপ্ন ভঙ্গ। বনানীর আগুন কেড়ে নিয়েছে তাঁর প্রাণ, তার ক্রিকেটীয় স্বপ্ন।
হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করা তুষার এফআর টাওয়ারের ১৪ তলায় এয়ার হ্যারিটেজ নামক একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিল। ব্যক্তি জীবনে বিবাহিত তুষার স্ত্রী নিয়ে থাকতেন ঢাকায়।
নিহত তুষারের আত্মীয় কামরুজ্জামান জানান, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের সময় হাত দিয়ে গ্লাস ভেঙ্গে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করেছিল তুষার। কিন্তু শেষ রক্ষা হয়নি।
আজ (২৯ মার্চ) ভোর ৩ টায় তার লাশ মির্জাপুরের পৈত্রিক বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তারপর সকাল ১০ টায় সম্পন্ন হয় জানাজা।
বনানীর অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৫
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডেরঘটনা ঘটে। ভবনটিতে আটকা পরে অনেক মানুষ। আর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনটির ৯তলা থেকে।
বৃহস্পতিবারের (২৮ মার্চ) অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ স্বেচ্ছাসেবীর ভূমিকা রাখছেন। আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় দমকর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে অসংখ্য সাধারণ মানুষকে।
এমবি





