ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের নবগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক জামান রেজা রানার (২৮) মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সোয়া দুইটার দিকে নদী থেকে রানার মৃতদেহ উদ্ধার করা হয়।রানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিক উদ্দীন শাহের ছেলে।

রানার ভাই মোস্তফা কামাল আশা জানান, মঙ্গলবার বিকেলে রানা ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে যান। রাতে নদীর ধারে বেড়াতে গিয়ে গ্রামের লোকজন চোর সন্দেহে চিৎকার করলে ভয়ে রানা নবগঙ্গা নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নদীর ধারে রানার স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয় যে সে নদীতে ডুবে গেছে।

বুধবার সকাল থেকে তারা নদীতে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে খুলনা থেকে প্রশিক্ষিত দুইজন ডুবুরি এনে তাকে খোঁজা শুরু হয়। পরে দুপুর সোয়া দুইটার দিকে নদী থেকে রানার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ব্যবসা করার প্রস্তুতি নিচ্ছিলেন।নদী পাড়ের বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, রাতে নদীতে বাঁচাও বাঁচাও শব্দ শুনে তারা বের হয়ে আর কিছুই পাননি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ বলেন, রানা নামে এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। দুপুরে ডুবুরিরা এসে তার মৃতদেহ উদ্ধার করেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ইআর