বগুড়ায় ব্যবসায়ী হযরত আলী হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মিলন ওরফে মারুফ রায়হান (৩৫), আকন্দপাড়ার মানিক (২২) ও মধ্যপাড়ার সাঈদী (২৫)।

খালাসপ্রাপ্তরা হলেন- বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম মণ্ডল, সুজন, শাওন, শাহিনুর ও কাজিম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ এপ্রিল দুপুরের দিকে অভিযুক্ত সুজন ব্যবসায়ী হযরত আলীকে কৌশলে বাড়ি থেকে ডেকে যান। পরে ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে তাঁকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে অপর আসামিরা।

এই ঘটনায় ওই দিন নিহতের মা মেরিনা বেগম বাদী পৌর কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।

দুজন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের পর মামলাটি সিআইডিতে পাঠানো হয়। সিআইডির পুলিশ পরিদর্শক ছকির উদ্দিন একই বছরের ২৯ নভেম্বর এজাহারে উল্লেখিত ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিচারকাজ চলাকালে সাক্ষীদের জবানবন্দী নেওয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়।

এমবি