কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতদের কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রনজিত মেম্বর ও জাহাঙ্গীর মেম্বরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে রনজিত মেম্বরের বাড়ির লোকজন প্রতিপক্ষ জাহাঙ্গীর মেম্বরের জমির উপর দিয়ে নিজ ক্ষেতে গেলে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে জাহাঙ্গীর মেম্বর ও তার সহযোগী মজনুর নেতৃত্বে প্রায় ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে রনজিত মেম্বার ও তার লোকজনের উপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
আহতের মধ্যে ইসমাইল হোসেন (৫৫), রনজিত (৫২), হাফিজুল (৩৫), ছোটন (৩০), হাফিজা খাতুন (৪৮), মিলন (২২), পানজু (৪৫), মনোয়ারা খাতুন (৫৫), নাইস ইসলাম (২৫), মজনু (৩৮), হবি (৩০), জিয়া (৩২) ও নুরুল হককে (৫৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু বক্কর সিদ্দিক জানান, সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএইচ





