পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দবরবনকে বনদস্যু মুক্ত করতে বনের ভিতরে আরও দু’টি র‌্যাব ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের বুকে কুঙ্গা ও মরা পশুর নদীর মোহনা এবং সুন্দরবনের পাশের ছোট্ট দ্বীপ দুবলার চরে আয়োজিত রাসমেলা উদ্বোধনকালে তিনি বিষয়টি জানান।

হিন্দু ধর্মাবলম্বী পূণ্যার্থীরা এ সময়ে পূণ্যস্নানের জন্য এ চরে আসেন। এটা দীর্ঘদিনের রেওয়াজ। তবে এ উৎসব এখন আর শুধু হিন্দুদের নেই। নানা ধর্ম, বর্ণের মানুষের সমাগম ঘটে এখানে। আছে বিদেশি পর্যটকও।

প্রধান অতিথির বক্তৃতায় বেনজীর আহমেদ বলেন, সুন্দরবন আমাদের সম্পদ। বঙ্গোপসাগর বাংলাদেশর জন্য প্রকৃতির অনন্য আশীর্বাদ। এখানে নির্বিঘ্নে চলাফেরা, জীবনধারণ, এখানকার জেলে বা বনজীবীদের রাষ্ট্রীয়, সাংবিধানিক অধিকার। বনদস্যুরা কোনোভাবেই তা কেড়ে নিতে পারে না।

তিনি বলেন, বনদস্যু দমনে বঙ্গোপসাগরে বুকে বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে র‌্যাবের একটি ক্যাম্প তৈরি করা হয়েছে। দফায় দফায় যৌথবাহিনীর অভিযানে বনদস্যুদের দৌরাত্ম্য এরই মধ্যে অনেকাংশে কমেছে। তবে তাদের নিশ্চিহ্ন করতে আরও দুটি র‌্যাব ক্যাম্প সুন্দরবনে করা হবে।

কোনো বনদস্যুকে ছাড় দেওয়া হবে না। কোনো গরিব মৎস্যজীবী যাতে আর ডাকাতের হাতে জিম্মি না হয়, সেজন্য তাদের দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন যেভাবে কোনো বনদস্যুর অস্তিত্বের কথা জানবেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিন। যে খবর দেবে, তার নিরাপত্তার দায়িত্ব আমাদের।

তিনি রাসমেলা সম্পর্কে বলেন, বাংলাদেশের ইতিহাস হাজার বছরের অসাম্প্রদায়িকতার ইতিহাস। এদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এই রাসমেলা তার প্রমাণ। সনাতন সম্প্রদায়ের পূজা হলেও উৎসবটা সার্বজনীনভাবে পালন হচ্ছে।

বেনজীর আরও বলেন, পাহাড়ি সম্প্রদায়ের বিজুসহ এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে, যেখানে লাখ লাখ দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও সমাগম ঘটবে।

সরকারি হিসেবে গত বছর দেড় লাখ সুন্দরী কাঠ চুরি হয়েছে উল্লেখ করে রাসমেলার আয়োজক মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ দাবি করেন, এ তথ্য ঠিক নয়। আমাদের হিসাব বলছে, প্রায় চার লাখ সুন্দরী গাছ এ সময় কাটা হয়েছে। সুন্দরবন রক্ষায় সরকারের নজরদারি আরও বাড়াতে হবে।

একইসঙ্গে তিনি গাছ না কাটার জন্য জেলেদের প্রতিও অনুরোধ জানান।

এসএইচ