আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ার ক্রিকেট নিরাপত্তা বিশ্লেষক প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে জঙ্গি সংগঠনের তৎপরতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

দেশে কোনো জঙ্গি সংগঠনের তৎপরতা নেই মর্মে অস্ট্রেলীয় প্রতিনিধিদলকে বোঝানোর চেষ্টা করা হবে।

রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অস্ট্রেলিয়ান হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করায় সফর পেছানোর এই সিদ্ধান্ত।

গত শুক্রবার ওয়েবসাইটে দেওয়া ডিএফএটির ওই নোটিসে বলা হয়, জঙ্গিরা বাংলাদেশে ‘অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর’ আঘাত হানার পরিকল্পনা করছে- এমন ‘নির্ভরযোগ্য তথ্য’তাদের হাতে রয়েছে।

এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল যে জঙ্গি হামলার আশঙ্কা করেছে, তা ভিত্তিহীন। বর্তমানে দেশের পরিস্থিতি নিরাপদ। কোনো জঙ্গি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে না, অনেক আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এখানে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তাপ্রধান শন ক্যারল ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি সার্বিক দিক পর্যালোচনা করবেন ।আশা করি, নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট হবেন এবং মত পাল্টাবেন।’

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, সেটা আমাদের বলতে হবে।

আর এ খবর আমাদের গোয়েন্দা সংস্থা জানে না। ওনাদের গোয়েন্দা সংস্থা কী বললো, আর ওনারা আসবে না। এ অভিযোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

উল্লেখ্য, দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’কথা জানিয়ে শনিবার হঠাৎ করেই সফর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।

এমকে