কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
নিহত মো: ছৈয়দ আলম (৩৫) টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকার মো: সৈয়দ আহমদের ছেলে।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, “টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের কাছে কেয়ারী খাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদে তাদের একটি বিশেষ টহলদল রাত ২টার দিকে অবস্থান নেয়। টহলদল দূর হতে দুইজন সন্দেহজনক ব্যক্তিকে খালের পাড়ে দেখে। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে নাফনদী সাঁতরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। তিনি খালের মুখে আসার সাথে সাথে পূর্বে থেকে অপেক্ষমান দুই ব্যক্তি তার কাছে এগিয়ে যায়। টহলদল চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তাৎক্ষণিক টহলদলটি তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা কারবারীরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। এসময় বিজিবির টহলদলটি সরকারি সম্পদ এবং নিজেদের জান ও মাল রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলিবর্ষণ করে। ফলে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩-৪ মিনিট গুলি বিনিময় হয়।”
তিনি আরও বলেন, “পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারীকে উদ্ধার করা হয়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরি চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।”
বিজিবি’র দাবি, ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, ১টি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এমবি





