মন্ত্রিসভায় রদ-বদলের পরিবর্তে পরিসর বাড়তে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা জানান ওবায়দুল কাদের।

মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়ানোর একটা সংবাদ এসেছে- এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেছেন, কেবিনেট সাফল-রিসাফলের (পুনর্বিন্যাস) বিষয়টা প্রধানমন্ত্রীর এখতিয়ার। আমার মনে হয় কিছু কিছু পদ-পদবি এখনো খালি আছে। কাজেই এখানে রিসাফলিংয়ের চেয়ে এক্সপাংশনের বিষয়টাই ফোকাসড। এক্সপান্ড হতে পারে। যেমন- মহিলা ও শিশু, এখানে মন্ত্রী নেই।

ফেসবুকে অনেকে বাহাউদ্দিন নাসিমকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বাহাউদ্দিন নাসিম তো কাল আমার সামনে ছিল। ফুল পেয়েছে আমি জানি না তো।

বাহাউদ্দিন নাসিম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে তার সমর্থকেরা কয়েকদিন ধরে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই হতে পারে। এটা (পরিসর বাড়ানো) এখনো গুঞ্জন-গুজবের পর্যায়ে আছে। প্রাইম মিনিস্টার তো আজ দেশের বাইরে যাচ্ছেন। কিছু হলে সেটা অবশ্যই জেরারেল সেক্রেটারি অব দ্য পার্টি হিসেবে আমি জানবো। সে ধরনের কিছু এখনো আমি জানি না।

ওবায়দুল কাদের বলেন, 'ছয় মাসে তো একজনের কর্মকাণ্ড-পারফরমেন্সের মূল্যায়ন করা যায় না। অন্তত এক বছর, দেড় বছর, দু’বছর যাওয়ার আগে এসব বিষয়গুলো এখন আছে। এখন এক্সপাংশন হবে। রদ-বদল হয়তো কারো দফতর পরিবর্তন হবে, এমন হয়ে গেছে। কিছু মাইনর একটা চেঞ্জ হয়েছে।'

চলতি মাসের মধ্যেই নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ ঘোষণা করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ওয়েজবোর্ড শিগগিরই হবে, কিছু দিনের মধ্যেই দিয়ে দেব। এটা আর ঝুঁলিয়ে রাখা সম্ভব নয়। জুলাই মাসের মধ্যেই নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ ঘোষণা করা সম্ভব।

এএস