রাজধানীতে র্যাবের পৃথক অভিযানে জাল পাসপোর্ট ও জাল টাকাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত ১২টার দিকে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান (৫১) ও আবুল হাসেম (৬০) নামে দু’জনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের ১২টি পাসপোর্ট, ৩টি জাল পাসপোর্ট, ১৯টি মনোগ্রাম যুক্ত স্টিকার, ১০টি সিম কার্ড, ১৩ কপি ছবি, ১টি মোবাইল হ্যান্ডসেট, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার, ১টি মাউস এবং ১টি স্ক্যানমেশিন উদ্ধার করা হয়।
এছাড়াও র্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব ডিএমপি এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট ও ১টি মোবাইল হ্যান্ডসেটও উদ্ধার করা হয়।
আটকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
এমকে





