৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নগরীতে র্যালি করেছে। ধোপাদীঘির পাড় থেকে শনিবার দুপুর দেড়টায় শুরু হয়ে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে র্যালির সমাপ্তি ঘটে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ক্রান্তিলগ্নে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় ভবিষ্যতেও রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পেলেই সিলেটের স্বেচ্ছাসেবক দল রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এটাই হচ্ছে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ।
বক্তারা অবিলম্বে সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা আহবায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল ওয়াছেহ চৌধুরী জুবেরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, বিএনপি নেতা নুরুল মোমিন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল ওয়াহিদ সোহেল ও আবদুস সহিদ, মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খোর্শেদ, স্বেচ্ছাসেবক দল নেতা কাউন্সিলর আবদুর রকিব তুহিন প্রমুখ।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





