উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ৭ রোহিঙ্গার মধ্যে ৬ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে এবং বাকী একজনকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। নিহত রোহিঙ্গা ব্যাক্তির নাম আবু তাহের। মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে।
এদিকে থাইংখালী জামতলি বাঘঘোনা কবরস্থান এলাকা থেকে অপর এক রোহিঙ্গা কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুতুপালং ক্যাম্পে এসে একদল ডাকাত আশ্রিত রোহিঙ্গা রমিজ (১৬) আইয়ুব (১৯) নবী হোসেন (২০) খাইরুল আমিন (২৫) মো. নুর (২৫) আব্দুল আলিম (৩০) ও আবু তাহেরসহ (৩০) সাতজনকে অপহরণ করে কুতুপালং তুর্কি পাহাড় এলাকায় নির্জন স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বালুখালী ক্যাম্পের হাফিজুর রহমান (১৮) ইউনূছ (১৭) জিয়াবুল মাঝি (২৪) ওয়াইয়া (১৬) মো. সেলিম (২৪) আমির হোসেন (১৯) শফিক (১৬) ও শামসুল আলমকে আটক করা হয়েছে।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, আটককৃত ৯ ডাকাতের কাছ থেকে দা, ছুরি,লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে অপহৃত বাকি ৬ জনকে। এ ব্যাপারে উখিয়া থানায় অপহরণ, হত্যা ও ডাকাতির চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে উখিয়া থানা পুলিশ বৃহস্পতিবার ভোররাতে থাইংখালী জামতলি বাঘঘোনা কবরস্থান এলাকা থেকে মনির আহমদের ছেলে মো. হেফজুর রহমান (১৬) নামে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জেড





