দেশের প্রায় ১ কোটি ২৫ লাখ প্রবীণকে ‘সিনিয়র সিটিজেন’ ঘোষণা করবে সরকার। রাষ্ট্রপতি অ্যাভোকেট আব্দুল হামিদ দেশের জ্যেষ্ঠ এই নাগরিকদের সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক হিসেবে ঘোষণা দেবেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পর্যাক্রমে দেশের সব জ্যেষ্ঠ নাগরিক তাদের পরিচয়পত্র হাতে পাবেন। আর বিশেষ সুবিধাও পাবেন এই নাগরিকরা।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, আগামী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবসে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ষাটোর্ধ্ব ব্যক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করার কথা ছিল। তবে পরে রাষ্ট্রপতি যেদিন সময় দেবেন সেদিনই ঘোষণা করা হবে।

নাছিমা বেগম আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দিয়ে সিনিয়র সিটিজেন ঘোষণা করা হবে। তিনি নিজেও সিনিয়র সিটিজেন।

সচিব জানান, সিনিয়র সিটিজেনদের জাতীয় পরিচয়পত্র বিশেষভাবে প্রস্তুত করার বিষয়টি চূড়ান্ত হলে তাদের হাতে তুলে দেওয়া হবে। প্রবীণ নাগরিক হিসেবে ঘোষণার পরবর্তী পর্যায়ে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র দেওয়া হবে। পর্যায়ক্রমে সব প্রবীণ নাগরিক পাবেন পরিচয়পত্র।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হোসেন মোল্লা জানান সিনিয়র সিটিজেনের বিশেষ পরিচয়পত্র তৈরির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানিকভাবে প্রবীণদের হাতে পরিচয় পত্র তুলে দেবেন।

হোসেন মোল্লা ওই সময় জানান, আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর্যায়ক্রমে এই পরিচয় দেওয়া হবে দেশের সব সিনিয়র সিটিজেনকে। বর্তমানে পরিচয়পত্র তৈরির বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। প্রবীণ বিষয়ক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে এ পরিচয়পত্র তৈরি হবে।

প্রবীণদের চিকিৎসা ও যাতায়াত সুবিধাসহ নানাবিধ সুবিধা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ নেন। এ লক্ষ্যে জাতীয় কমিটি অনেক আগে থেকেই কাজ করছে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ