হবিগঞ্জে ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ট্রাকচাপায় দুইজন ও সিরাজগঞ্জে বাস চাপায় দুইজন নিহত হয়েছে।

হবিগঞ্জ:

হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় আলফু মিয়া (৭০) ও সোহেল আহমেদ (৩০) নামে দু’জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন রাহেল আহমেদ নামে এক কিশোর। বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চলিতাতলা তেহমুনীয়ায় এ ঘটনা ঘটে।

আলফু স্থানীয় নারিকেলতলা গ্রামের ও সোহেল উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একজন বৃদ্ধকে চাপা দিয়ে রাস্তার পাশে থাকা একটি সিএনজি অটোরিকশাকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ আলফু মিয়া মারা যান। এ সময় সিএনজি অটোরিকশার যাত্রী সোহেল ও রাহেল গুরুতর আহত হন। তাদের মধ্যে সোহেলকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। আহত রাহেলকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাঁচিলায় এই দুর্ঘনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের আবু তালেবের ছেলে তানভীর হোসেন (২০) এবং একই উপজেলার কালিপুর গ্রামের আজিম উদিন (১৮)।

বৃহস্পতিবার (৮ আগস্ট) হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আশরাফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোটরসাইকেলে করে তারা পাঁচিলা ফিডার রোড থেকে মহাসড়কে উঠে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। দুজনই ঘটনাস্থলে প্রাণ হারান। পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।

জেড