গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুরি এলাকায় একই ঘর থেকে মঙ্গলবার রাতে পরকীয়া প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাজেদুল ইসলাম (৩০) কুড়িগ্রামের উলিপুর থানার সদুল্লা এলাকার গোলাম বারীর ছেলে এবং হনুফা বেগম (২২) ঝালকাঠি সদর উপজেলার পিপিলিকা এলাকার হানিফ হাওলাদারের মেয়ে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো.আব্দুর রহমান জানান, একই পোশাক কারখানায় চাকরির সুবাদে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উভয়েই বিবাহিত।
সাজেদুল চার বছর ধরে পরিবার নিয়ে কামারজুরি এলাকার ডা.শাহ আলমের বাড়িতে ভাড়া থাকেন।
হনুফা থাকতেন পার্শ্ববর্তী বাদেকলেম্বর এলাকার সেলিমের বাড়িতে।গত এক মাস আগে সাজেদুলের স্ত্রী ও তার একমাত্র সন্তান নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যান।
এ সুযোগে সাজেদুল ও হনুফা আরও ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে থাকেন। মঙ্গলবার সকালে মোবাইলে ফোন পেয়ে হনুফা তাদের বাসা থেকে সাজেদুলের বাসায় যান।
স্থানীয় কাউন্সিলর (৩৬ নং ওয়ার্ড) মো.মনির হোসেন জানান,আলমগীর নামে এক বন্ধু সন্ধ্যার দিকে সাজেদুলের বাসায় গিয়ে দরজা ধাক্কা দিলে তা খুলে যায়।
এসময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে একই রশিতে সাজেদুল-হনুফার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এমই





