ঝিনাইদহ সদর উপজেলায় মাঠ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। এরা দুজনই বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছে স্থানীয় বিএনপি। এরা হলেন –গোলাম হোসেন পলাশ (২৫) এবং দেলোয়ার হোসেন দুলাল (২৪)।
সোমবার সকালে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের একটি মাঠ থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার ও বৃহস্পতিবার স্থানীয় গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। তবে গোয়েন্দারা এই তথ্য অস্বীকার করেছে।
ঝিনাইদহ জেলা বিএনপির দফতর সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন যে পলাশ ও দুলাল বিএনপির কর্মী। এর মধ্যে পলাশের বাবা গোলাম মোস্তফা ঝিনাইদহ পৌরসভার আট নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর।
ঝিনাইদহ সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
দুজনের কানে গুলি করা হয়েছে। তাদের হাতেও নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানান আনোয়ার।
নিহত দুলালের ভাই আলাল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ডিবি পুলিশ তাদের আটক করে। অন্যদিকে পলাশের আত্মীয়রা জানান যে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাকে আটক করে গোয়েন্দারা।
তবে ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনার সাথে আমরা জড়িত নই।’
বিএনপি নেতা জাহাঙ্গীর বলেন, বিএনপি যাতে আন্দোলন না করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের হত্যা করেছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমান এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
জেআই





