চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকরা সভা আহ্বান করায় সহিংসতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ (২১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যকর শুরু হয়েছে।

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এবং বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের সমর্থকরা সভা আহ্বান করায় মতলব উত্তর থানার আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেন।

এলাকাগুলো হলো- উপজেলার শ্রীরায়েরচর, মোহনপুর, ফতেপুর, একলাশপুর, দশানী, আমিরাবাদ, মতলব দক্ষিণ ব্রিজের উত্তর পাড়।

প্রাথমিকভাবে ৩ দিনের জন্য এসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো: মাহবুবুর রহমান।

এসপি আরও বলেন, “একই সময়ে একই স্থানে দুজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার পক্ষে সভা আহ্বান করায় শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানার ওসির আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সাতটি স্থানে ১৪৪ ধারা জারি করেন।”

মতলব উত্তর থানার ওসি মো: নাছির উদ্দিন মৃধা বলেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ১৪৪ ধারা জারি বলবৎ থাকবে।

এমবি