কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে জিনিয়াস (৫) ও লামিয়া আক্তার (৪) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের রকিবুল ইসলামের ছেলে ও ইদ্রিস আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, বুধবার বেলা সাড়ে ১১টায় কালিদাসপুর গ্রামের রফিকুল ইসলামের শিশুছেলে জিনিয়াস এবং ইদ্রিস আলীর শিশুকন্যা লামিয়া খেলা করছিল।

খেলার সময় হঠাৎ করে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। মৃত শিশু জিনিয়াস ও লামিয়া চাচাত ভাইবোন।

দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পুলিশ নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে।

এআর