রংপুর কাউনিয়া উপজেলার মীরবাগ জুম্মারপাড় নামক স্থানে লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত এবং কমপক্ষে ৩০জন আহতের খবর পাওয়া গেছে। আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ও আহত যাত্রীদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
রংপুরের কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম জানান- রাজশাহী থেকে লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটির সামনের অংশ রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের একজন যাত্রী নিহত হয়েছে।
ওসি রেজাউল করিম আরও জানান-বাসটি উদ্ধারের জন্য পুলিশের উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে এসে পৌছেছে। অপরদিকে ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধারকাজে পুলিশ ও স্থানীয় লোকজনকে সহায়তা করছে।
জেআই





