ভারত থেকে ফেরার সময় কয়েকজন নারীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ডালিম নামে একজনের কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
ছিনতাই ও নির্যাতনের শিকার এক নারীর অভিযোগের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ডালিম (৩৫), মান্নান মোড়লের ছেলে নেদু (৩২) ও শহিদুলের ছেলে লিটন (৩৬)।
স্থানীয় সূত্র জানায়, শনিবার কয়েকজন নারী অবৈধপথে ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়। পরে রোববার সকালে বিএসএফ তাদেরসহ আরও কয়েকজন নারী-পুরুষকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।
এ সময় সাদিপুর গ্রামের ডালিমসহ তিনজন তাদের ধরে স্থানীয় একটি বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন এবং সঙ্গে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে হুমকি দিয়ে তাদের এলাকা ছাড়তে বলে।
এ সময় সবাই ভয়ে বাড়ি ফিরে গেলেও একজন বেনাপোলে তার আত্মীয় বাড়িতে আশ্রয় নেন এবং ঘটনা খুলে বলেন। পুলিশ ওই নারীর অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারীদের অস্ত্রসহ আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশ উদ্ধার করে।
অভিযোগকারী নারীর আত্মীয় উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, থানায় ওই তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ দেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটকদের মধ্যে ডালিমের নামে অস্ত্র ও ছিনতাইসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
এমকে





