রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ির মুজিবুর রহমানের ছেলে।
নিহত ইব্রাহিমের চাচা মো. উসমান জানান, সন্ধ্যে সাড়ে ৭টার দিকে ধানমণ্ডির ১১ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ১৩তলা ভবনের তিনতলার সিড়ি থেকে পড়ে যান ইব্রাহিম। এতে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





