দিনাজপুরের ফুলবাড়ী লেভেল ক্রসিংয়ে ট্রাকে মালবাহী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়া ট্রাকের নিচে চাপা পড়ে গেটম্যান নিহত।

নিহতের নাম সুশান্ত কুমার দাস। সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার প্রায় ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে ২নং লাইন দিয়ে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, অল্পের জন্য রক্ষা পেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটি। পণ্যবাহী ট্রেনটির চালকের অবহেলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তারা।

ফুলবাড়ী স্টেশন মাস্টার মো. ইস্রাফিল সরকার জানান, রাত ১ টা ৪ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী ২৩ আপ রকেট মেইন ট্রেনটি ১নং লাইনের প্লাটফর্মে নেয়া হয়।

একই সময়ে ২নং লাইনে এমজিবিসি (মালবাহী) ট্রেনকে নেয়ার জন্য লাইন তৈরির আগেই সিঙ্গনাল অমান্য করে এমজিবিসি (মালবাহী) ট্রেনের চালক ১নং লাইনে ঢুকে পড়ে।

এতে গেট খোলা থাকায় ওই সময় ট্রাকও ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ওই রেলঘুমটিতে কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাস ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

এএস