ময়মনসিংহের ভালুকায় স্বামীর পরকীয়ার জের ধরে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী। এতে লিজা আক্তার নামে ওই নারী প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাছ ব্যবসায়ী নূরু মিয়ার সাথে জনৈক নারীর পরকিয়া চলে আসছিল। এ নিয়ে স্ত্রী লিজার সাথে প্রায়ই স্বামী নুরুর ঝগড়া হতো।ঘটনার সময় বাসায় স্বামীর অনুপস্থিতির সুযোগে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে লিজা আত্মহত্যা করার চেষ্টা করে।
এ সময় লিজার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়েদ উল্লাহ বলেন, আগ্নিদগ্ধ লিজার ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। তিনি আশঙ্কা মুক্ত নন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এমই





