অবরোধ আর হরতালের কারণে রাজধানীর বাজারে পিঁয়াজ ও রসুনের দর আরেক দফা বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- মানভেদে প্রতি কেজি নতুন পিঁয়াজের দাম ৪০ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়। তবে দেশি পিঁয়াজের পাশাপাশি বিদেশি পিঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে।
এদিকে রসুনের দামও খুচরা বাজারে বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৮৫ টাকা থেকে ৯০ টাকায়। বর্তমানে বিদেশি (চায়না) রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।
রাজধানীর খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী নিতাই চন্দ্র জানান, মানভেদে নতুন ও বিদেশি পিঁয়াজ প্রতিকেজি ৪০ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি করা হচ্ছে। অবরোধে পাইকারী বাজার থেকে বেশি দরে পিঁয়াজ কিনতে হয় বলে খুচরা বাজারে বেশি দরে বিক্রি করতে হচ্ছে।
এদিকে, খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি শিমের দাম ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ১২ থেকে ১৫ টাকায়, করলা ৩০ থেকে ৪৫ টাকায়, শশা ২০ থেকে ২৫ টাকায়, গাজর ৩০ থেকে ৩৫ টাকায়, টমেটো ৩০ থেকে ৪০ টাকায়, পটল ২০ থেকে ২৫ টাকায়, কুমড়া ২৫ থেকে ৩০ টাকায়, বেগুন ২০ থেকে ২৫ টাকায়, বরবটি ৪০ থেকে ৪৫ টাকায়, মরিচ ৩০ থেকে ৩৫ টাকায়, লাউ (ছোট) ২৫ থেকে ৩০ টাকায়, লাউ (বড়) ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি পাইকারী বাজার থেকে খুচরা বাজারে প্রতিকেজি ৫ থেকে ১০ টাকা লাভে বিক্রি করা হচ্ছে।
খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত আছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি সাদা ১২০ থেকে ১৩০ টাকায় এবং লাল মুরগি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহেও একই ছিল।
এদিকে বাজারে ডিমের দামও অপরিবর্তিত আছে। প্রতি হালি ব্রয়লার মুরগির লাল ডিমের পাইকারী দাম ২৯ টাকা, যা খুচরা বাজারে ৩২ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি সাদা ডিমের দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকা, যা খুচরা বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দাম প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ৩৬ টাকা থেকে ৩৭ টাকায়।
রাজধানীর মালিবাগ, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচাসহ বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, অবরোধে শীতকালীন পণ্যের সরবরাহ থাকায় পণ্যের দর তেমন বাড়েনি।
যাত্রাবাড়ী পাইকারী কাঁচাবাজার ব্যবসায়ী নেতা নরু হাজী বলেন, ‘আমাদের বাজারে পণ্য সব সময় রাতে আসে। গভীর রাত থেকে বিক্রি শুরু হয়ে সকালে শেষ হয়। অবরোধের কারণে পণ্য পরিবহন করতে গিয়ে সবাই আতঙ্কে আছে। এ কারণে পণ্য পরিবহনে ভাড়া বেশি নিচ্ছে। এতে মধ্যস্বত্বভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বাজারে শীতকালীন পণ্য স্বাভাবিক দামে কেনা-বেচা করছি।
এএইচ





