গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শামীম প্রধান নামে এক জামায়াত নেতাকে র্যাব সদস্যরা বগুড়া থেকে আটক করেছে বলে দাবি করেছে জামায়াত।
সোমবার দুপুরে বগুড়া শহরের বৃন্দাবনপাড়া থেকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেছে বলে পলাশবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল উদ্দিন দাবি করেছেন। তবে, র্যাব এ দাবি অস্বীকার করেছে।
জামায়াতে ইসলামী গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলা আমির উপাধ্যক্ষ আব্দুল মজিদ ও সেক্রেটারি অধ্যাপক বেলাল উদ্দিন এক বিবৃতিতে দাবি করেন, পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ন শাখার সভাপতি শামীমকে সোমবার দুপুরে বগুড়া শহরের বৃন্দাবনপাড়া থেকে র্যাব-১২ আটক করেছে। এরপর বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলেও র্যাব শামীমকে আটকের কথা স্বীকার করেনি।
বিবৃতিতে জামায়াত নেতাদ্বয় বলেন, আটকের পর র্যাবের পক্ষ থেকে স্বীকার না করায় শামীমের পরিবার ও জামায়াতের নেতাকর্মীরা উৎকন্ঠায় আছে। তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে পারেন এমন আশঙ্কায় রয়েছেন তারা।”বিবৃতিতে শামীমের মুক্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের এ এসপি মশিউর রহমান সাংবাদিকদের জানান, শামীম নামে কোনো জামায়াত নেতাকে র্যাব আটক করেনি।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো খবর তার জানা নেই।
এমকে





