অপহৃত নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকে যোগ দিতে মিয়ানমারে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় মিয়ানমারের মংডুতে পৌঁছান তারা। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে কোস্ট গার্ডের দুটি হাইস্পিড বোটে করে তারা রওনা হন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন টেকনাফে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ। মংডুতে পতাকা বৈঠকের পর রাজ্জাককে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এর আগে বেশ কয়েকবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। তবে এতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)সম্মতি দেয়নি।

গত ২২ জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেয়া হয়। এর ভিত্তিতে আজ এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়।

১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশি চালায়।

এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে।

বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেয়। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।

এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলার রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।

এআর