বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালকুদারকে (৩৫) সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-৯।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় তাকে গ্রেফতারের পর বিকেল ৪টায় র‍্যাব-৯ এর সদর দফতর সিলেটে এই বিষয়ে ব্রিফ করেন র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো: শরীফুল ইসলাম।

তিনি জানান, সাকিবের একজন অন্ধভক্ত মহসিন তালুকদার। সাকিব ভারতে কালীপূজা উদ্বোধন করেছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখে ক্ষুব্দ হয়ে মহসিন এই কাণ্ড ঘটিয়েছেন।

র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো: শরীফুল ইসলাম বলেন, আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন তালুকদার বলেছেন- তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের অন্ধভক্ত। সম্প্রতি সাকিবের ভারতে কালীপূজায় উপস্থিত হওয়ার খবর মিডিয়ায় ভাইরাল হলে মহসিন বিষয়টি মেনে নিতে পারেননি। এতে ক্ষুব্দ হয়ে ফেসবুক লাইভে এসে ধারালো (রাম দা) অস্ত্র দেখিয়ে সাকিবকে হত্যার হুমকিসহ নানা মন্তব্য করেন। সাকিব আল হাসান যাতে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চান এ জন্য মহসিন এই কাণ্ড করেন।

শরীফুল ইসলাম বলেন জানান, কারও প্ররোচনায় নয়, নিজের ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন মহসিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার পেছনে কারও ইন্ধন পায়নি র‌্যাব।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর (রোববার) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হুমকি দেন মহসিন তালুদার। পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে নিজে দুঃখ প্রকাশ করে সাকিবকে কালীপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।

পরদিন (১৬ নভেম্বর) সোমবার রাতে সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।

হুমকির ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে গা ঢাকা দেন মহসিন। তাকে গ্রেফতারে সোমবার দুপুর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে আজ (মঙ্গলবার) সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রণসি গ্রামে ভায়রার বাড়ি থেকে মহসিনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

এমবি