গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় আগুন লেগে বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর দত্তপাড়ার খাঁ পাড়া রোড এলাকার ‘সিজন ড্রেসেস লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান।  

তিনি বলেন, “কারখানার ‘মেডিকেল সেন্টারে’ সম্ভবত প্রথমে আগুন লাগে। দ্রুত পাশের তলায় তা ছড়িয়ে পড়ে এবং ভেতরের সব কিছু পুড়ে যায়।”

আগুনে কারখানায় রাখা কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

শ্রমিকরা বলছেন, এ ধরনের কারখানায় যে অগ্নি নির্বাপনী ব্যবস্থা থাকা দরকার তা না থাকায় ক্ষতি বেশি হয়েছে।

এমআর