নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে তার পাষন্ড স্বামী মহিউদ্দিন।
আজ দুপুর ১২টার দিকে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
ঘাতক মহিউদ্দিন একই এলাকার হোসেন মিয়ার পুত্র। এবং নিহত রোজিনার বাপের বাড়ি হাতিয়ার মুল ভুখন্ড হতে বিচ্ছিন্ন চানন্দী ইউনিয়নের নলের চর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর ১২টার সময় স্বামী মহিউদ্দিন যৌতুকের জন্য স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মহিউদ্দিন তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করছে স্থানীয়রা। এ সময় নিহতের দুই মেয়ে লুবনা বেগম (৫) ও তানজিনা বেগম (৩) বাহিরে খেলা করছিল।
কিছুক্ষন পর মেয়েরা ঘরে এসে মায়ের এমন অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে বাড়িতে ভিড় করে এবং পুলিশকে খবর দেয়। পরে জাহাজমারা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শাহজালাল বাবুল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তবে এ ব্যাপারে পুলিশ পরিদর্শক শাহজালাল বাবুল জানান, নিহত রোজিনা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যাকান্ডটি কে ঘটিয়েছে তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।
এমএনজে





