কক্সবাজারের চকরিয়ার পশ্চিম কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ৭টি দোকানঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মফিজ নামে এক দোকান কর্মচারী মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ছুয়ালিয়াপাড়া বাজারে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

এতে নগদ টাকাসহ অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এলাকাবাসী জানান, মধ্যরাতে ছুয়ালিয়াপাড়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর শুনে এলাকাবাসীরা ছুটে আসে। ৭টি দোকানঘর পুড়ে গেলেও স্থানীয় লোকদের আপ্রাণ চেষ্টায় বাকি দোকানগুলো রক্ষা পায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা আসেন।

ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার শওকত আলম জানান, শুক্রবার ব্যবসা শেষে দোকানপাট বন্ধ করে তিনি বাড়িতে চলে যায়। গভীর রাতে বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা এসে দেখে পুরো বাজারে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় তার দোকানে ঘুমিয়ে থাকা কর্মচারী মফিজের দগ্ধ লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাস চন্দ্র ধর জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। মৃতকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ