চলমান অবরোধ ও হরতালে নাশকতা প্রতিরোধে জেলার গৌরনদীর সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন বিজিবি গৌরনদী ক্যাম্পের অধিনায়ক মেজর ফজলুল করিম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১০ ফেব্রুয়ারি থেকে তারা সরকারি গৌরনদী কলেজে ক্যাম্প স্থাপন করেছেন। ওই দিন থেকেই তারা থানা পুলিশ, র্যাব ও ডিজিএফআই’র সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে নাশকতা প্রতিরোধে অভিযান চালিয়ে যাচ্ছেন। অভিযানে এ পর্যন্ত গৌরনদী থেকে পাঁচ জন ও উজিরপুর থেকে তিন জনকে আটক করেছেন। গৌরনদী ও উজিরপুর উপজেলার ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বিজিবির টহল বৃদ্ধির কারণে এ অঞ্চলে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড এখন পর্যন্ত ঘটেনি।
সংবাদ সম্মেলনে মেজর ফজলুল করিম চলমান হরতাল ও অবরোধে নাশকতা প্রতিরোধে গৌরনদীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও মধ্যে বক্তব্য রাখেন- গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, মো. আসাদুজ্জামান রিপন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরাসহ অন্যরা।
জেআই





