বঙ্গবন্ধু সৈনিকলীগের বগুড়ায় জেলা কমিটির আহবায়ক শিমুল হক রেহানের হত্যাকারী সবুজ সওদাগরসহ (২৫) পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
সবুজ বগুড়া শহরের শহরদিঘির মো. সিরাজুলের ছেলে। তিনি বর্তমানে বগুড়া শহরের কলোনী এলাকার সাবিনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, আটককৃত সবুজ সওদাগর হত্যার মূল পরিকল্পনাকারী। সবুজসহ মোট পাঁচ জনকে আটক করা হয়েছে। অন্যরা হলেন শহরের ফুলবাড়ি এলাকার এনামুলের ছেলে রাহাত, শহরদিঘির সিরাজুলের ছেলে সোহান, পালশা গ্রামের জাহিদুরের ছেলে বেলাল, জামিলনগর সাইদুল ইসলামের ছেলে বিপুল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের টেম্পল রোডস্থ বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যালয়ে দলীয় কোন্দলের জের ধরে একই দলের নেতা সবুজের সঙ্গে শিমুলের হাতাহাতি হয়। এক পর্যায়ে শিমুলকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান সবুজ। অন্যরা শিমুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেআই





