শুধু দলিত হওয়ার অপরাধে তুলসীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি দলিত জনগোষ্ঠীর প্রতি চরম মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকারআন্দোলন (বিডিইআরএম)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ জানানো হয়।

পাবনার দলিত জনগোষ্ঠীর যুবক তুলসী চন্দ্র দাসের হত্যাকারীরা তার পরিবারকে হুমকি দিচ্ছে জানিয়ে তুলসীর হত্যাকারীদের অবিলম্বেগ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১ আগস্ট পাবনা শহরের নিয়ম ফুড লিমিটেড কারখানায় সাইকেল চুরির অভিযোগে তুলসী চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে কারখানার মালিক ও শ্রমিকরা।

পরদিন ২ আগস্ট তুলসীর বাবা শাওন চন্দ্র দাস বাদী হয়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রুমন, আওয়ামী লীগ নেতা আবদুল হান্নানসহ ১১জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে হত্যাকারীরা তুলসীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায়ও ভুগছে বলে জানান।

বক্তারা আরো বলেন, দলিত জনগোষ্ঠীর রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত নাহওয়ায় তুলসী চন্দ্র দাসের মতো বহু যুবককে হত্যার পরও হত্যাকারীদের বিচার হয়নি।

এসময় সংগঠনের সভাপতি সুনীল কুমার মৃধার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মনি রানীদাস, রিজিওনাল কো-অর্ডিনেটর মাহবুব আক্তার প্রমূখ।

এমএ/এসএইচ