কুমিল্লার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একই সময়ে ও একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সম্মেলনকে ঘিরে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে বরুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল ত্রি-বার্ষিক সম্মেলনের এই তারিখ ঘোষণা করেন।

এদিকে উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম সমর্থিত বরুড়া উপজেলা আওয়ামী লীগ একইদিন একইস্থানে পৃথকভাবে ত্রি-বার্ষিক সম্মেলন করার ঘোষণা দেন। দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় সম্মেলনকে ঘিরে সংঘাতের আশঙ্কায় সম্মেলনের স্থানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুল ইসলাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনস্থলে এসে হ্যান্ডমাইকে ১৪৪ ধারা জারি ঘোষণা করেন। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এ সময় বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ও উপজেলা চেয়ারম্যান এএনএম মঈনুল ইসলামের সমর্থকদের মাঠ ত্যাগ করার নির্দেশ দেন।

সকাল থেকেই দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় বরুড়া থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নোমানসহ নজরুল গ্রুপের ছাত্রলীগের দু’নেতা বাইজিদ ও রকি গুরুতর আহত হন।

সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। আমরা সম্মেলন আহ্বান করি। এখানে আওয়ামী লীগের অন্য কেউ সম্মেলনের ডাক দিয়েছে কিনা জানি না।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আবদুল্লাহ আল মামুন জানান, একইস্থানে দু’পক্ষ সম্মেলন ডাকায় সংঘর্ষের আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

এমএম