একটি ট্রাকে পেট্রোল বোমা হামলায় সোহাগ (১৮) নামে একজন হেলপার দগ্ধ হয়ে নিহত হয়েছেন। ওই ট্রাকের চালক লাফিয়ে বাইরে বের হওয়ায় বেচেঁ গেছেন। তবে তার শরীরের অনেকাংশ দগ্ধ হয়েছে।
২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রোববার সকাল ৬টার দিকে বরিশালের উজিরপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
ওই ট্রাকের চালক রিপনের বরাত দিয়ে বরিশাল পুলিশের এসপি একেএম এহসানুল্লাহ জানান, ফরিদপুর থেকে ট্রাক (ফরিদপুর চ-১১০১৮৯) বোঝাই পিয়াজ নিয়ে তারা বরিশাল যাচ্ছিলেন।
ট্রাকটি বামরাইল-শানুহারের মাঝামাঝি পৌছালে অবরোধকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় ট্রাকচালক গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে বের হয়ে আসেন।
তবে হেলপার সোহাগ বের হতে না পারায় সেখানেই দগ্ধ হয়ে মারা যায়। নিহত সোহাগের লাশ ট্রাকের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এসপি এহসানুল্লাহ আরও জানান, নিহত সোহাগের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। আহত ট্রাক চালক রিপনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এআর





