রংপুর শহরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মানিক (৩২) ও সুমন (২৭) নামে দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা  রংপুর শহরের খলিফাতারী এলাকার আমীর আলীর ছেলে।

বুধবার রাত পৌনে ৩টার দিকে ক্যান্টনমেন্ট চেকপোস্টের কাছে দেশ ক্লিনিক সংলগ্ন চান হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১৩ এর উপ অধিনায়ক মেজর আশরাফ আলী বলেছেন, “ওই এলাকায় র‌্যাব সদস্যরা মানিক ও সুমনকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষায় র‌্যাব গুলি করলে তারাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়।”

র‌্যাব সদস্যরা সেখানে দুটি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র পেয়েছে বলে জানান তিনি।

কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মেজর আশরাফ বলেন, ‘দুই সন্ত্রাসীর’ ধারালো অস্ত্রের আঘাতে র‌্যাবে দায়িত্বরত উপ পরিদর্শকসাইফুল ইসলাম ও নৌবাহিনীর লেফটেন্যান্ট ইমরান আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইআর