রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টরে সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম সুমন (৩২) বলে জানা যায়।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন ঝুট ব্যবসায়ী হিসেবে পরিচিত। সড়ক দুর্ঘটনায় আহত হলে পথচারী জুয়েল তাকে হাসপাতালে নিয়ে যান।

জুয়েল বলেন, মিরপুর-১০ নম্বর সেক্টর করবস্থানের পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে ছিলেন সুমন।

প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টায় সুমনকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এসএইচ