খুলনায় একটি নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিক নিহত হয়েছেন।

আজ (২০ নভেম্বর) মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর খালিশপুরের নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন (বানৌজা তীতুমীরে) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মহিদুল ইসলামের ছেলে মো. সায়েম (২০), রহিম উদ্দিনের ছেলে মো. রমজান (৩৫) ও নূর ইসলামের ছেলে মো. নূর আলম (১৮)।

নিহত নির্মাণ শ্রমিকদের বাড়ি নীলফামারি জেলার জলঢাকা উপজেলার উত্তর দেশিবাড়ী গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বানৌজা তীতুমীর কম্পাউন্ডে ওয়াহেদ কনস্ট্রাকশন লিমিটেডের নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। নবম তলায় কাজ করার সময় ৩ শ্রমিক নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন বলেন, বানৌজা তীতুমীর কম্পাউন্ডের ১০ তলা ভবনের নবম তলায় প্লাস্টারের কাজ করার সময় বাঁশের ভারা ভেঙ্গে ৩ জন শ্রমিক নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং খুমেক হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যায়। এটিকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই উল্লেখ করেন তিনি। এ বিষয়ে অপমৃত্যু মামলার পর তদন্ত করে দেখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী শহীদুল ইসলাম সজিব বলেন, কাজ চলা অবস্থায় বাঁশের মাচা ভেঙ্গে হঠাৎ করে তারা পড়ে যায়। নিচে পড়ে একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি ২ জন হাসপাতালে নেয়ার পর মারা যান।   

এমবি