নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জন খুনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আরও এক সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধনী থেকে র্যাবের ওই সদস্যকে আটক করা হয়। শনিবার সকালে র্যাবের পক্ষ থেকে এসএমএস এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আটক হওয়া ওই র্যাব সদস্যের নাম পুর্ণেন্দু বালা। তিনি র্যাবের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
উল্লেখ্য, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।
৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে ছিল আঘাতের চিহ্ন। প্রতিটি লাশ ইটভর্তি দুটি করে বস্তা বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





