পাবনার সাঁথিয়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জীবন নাহার রত্না (৩৫) নামের এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। আজ রোববার দুপুরে তিনি মারা যান।

জীবন নাহার রত্না সাঁথিয়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এবং সাঁথিয়া পৌরসভাধীন নওয়ানী গ্রামের বাসিন্দা ও পৌরসভার কাউন্সিলর রাকিবুল ইসলাম রকিবের স্ত্রী।

রত্নার স্বামী সাঁথিয়া পৌরসভার কাউন্সিলর রাকিবুল ইসলাম রকিব জানান, গত কোরবানির ঈদ করতে রত্না ঢাকায় তাঁর বাবার বাড়ি গিয়েছিলেন। সেখানে জ্বরে আক্রান্ত হন। ঈদের পর সাঁথিয়ায় নিজ বাড়িতে এসে আরো অসুস্থ হয়ে পড়েন। পরে রক্ত পরীক্ষা করে জানা যায়, রত্নার ডেঙ্গু হয়েছে।

পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানে বাংলাদেশ ইসলামিক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই আজ দুপুরে রত্না মারা যান।

এদিকে রত্নার মৃত্যুতে সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মর্জিনা খাতুন শোক প্রকাশ করেছেন।

ডেঙ্গু সন্দেহে ১৬৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

এএস