বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড সিভিল এভিয়েশনের সেসনা-১৫২ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী দুই দিনের মধ্যে রিপোর্ট দাখিলের জন্য বলা হয়েছে।
বুধবার রাতে হযরত শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান তদন্ত কমিটি গঠনের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখতে সিভিল এভিয়েশনের গ্রুপের ক্যাপ্টেন নাজমুল আনামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। তবে ওই কমিটির অন্য চার সদস্যের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন বিমানবন্দরের ব্যবস্থাপক।
এদিকে, সিভিল এভিয়েশনের সিনিয়র সাব-স্টেশন অফিসার ইঞ্জিনিয়ার এনামুল হক জানান, তদন্ত কমিটি গঠনের পরপরই তারা কাজ শুরু করেছেন।
দুর্ঘটনার পর বুধবার বিকাল ৫টা ১০ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে কমিটির সদস্যরা রাজশাহীতে পৌঁছান। এ সময় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রানওয়ের পাশে থাকা স্থানীয় অধিবাসীদের সঙ্গেও কথা বলেন।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে তারা জানতে পেরেছেন বিমানটি উড্ডয়নের পর ঘুরেই কিভাবে জরুরিভাবে দ্রুত রানওয়েতে অবতরণ করা যায় সে বিষয়টি নিয়ে প্রশিক্ষণ চলছিল। কিন্তু প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর ডান দিকে ঘুরতেই প্রচণ্ড বাতাসের কবলে পড়ে।
পরে সিগনাল পাঠিয়ে দ্রুত নামতে গিয়ে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বিমানটি রানওয়ে ছুয়েই ছিটকে পড়ে এবং বিধ্বস্ত হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে উদ্ধারকারীদের সহায়তায় প্রশিক্ষক লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) সাইদ কামাল বেরিয়ে আসতে সক্ষম হলেও পাশে থাকা কো-পাইলট তামান্না রহমান হৃদি ককপিটেই জীবন্ত দগ্ধ হন।
পরে সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শনের পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে বিমান বাহিনীর ওই হেলিকপ্টারেই তামান্নার মরদেহ ঢাকায় পাঠানো হয়।
সিভিল এভিয়েশনের সিনিয়র সাব-স্টেশন অফিসার ইঞ্জিনিয়ার এনামুল হক জানান, নিহত প্রশিক্ষণার্থী তামান্না রহমান ২০১৩ সাল থেকে রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড সিভিল এভিয়েশনের অধীনে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ২০১৬ সালে তার প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।
এদিকে, এ ঘটনায় গুরুতর আহত হন প্রশিক্ষক ক্যাপ্টেন সাইদ কামালের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাকে বিকালে বিমানে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
উল্লেখ্য, রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে বুধবার দুপুর আড়াইটার দিকে সেসনা-১৫২ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
এমকে





