গাজীপুরের শ্রীপুর উপজেলার মানছুরাবাদ এলাকা থেকে সোমবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরণে লাল-নীল রংয়ের ছাপা সালোয়ার ও কামিজ এবং পেস্ট কালারের বোরকা রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম বলেন, শ্রীপুরের মাওনা ইউনিয়নের মানছুরাবাদ এলাকার ইদ্রিস পার্কের সামনে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। নিহতের গলা ও বাম হাতের চারটি আঙুল কাটা ছিল।

দুপুর আড়াইটার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ওই তরুণীকে অন্যত্র গলাকেটে হত্যার পর মৃতদেহ ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ