বাগেরহাটের স্মরণখোলায় র‌্যাব-পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলাকালে 'বন্দুকযুদ্ধে' সুন্দরবনের বনদস্যু বেল্লাল বাহিনীর প্রধান বেল্লাল ফরাজী নিহত হয়েছেন। এই সময় তার সহযোগী ফরহাদ মুন্সী আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও পাঁচশ’ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে সুন্দরবন সংলগ্ন স্মরণখোলা উপজেলার পানিরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি নাইন শ্যুটারগান, একটি একনালা বন্দুক ও একটি দুইনালা বন্দুক।

নিহত বেল্লাল মোড়লগঞ্জ উপজেলার সড়ালিয়া গ্রামের খোকন ফরাজীর ছেলে এবং আহত ফরহাদ একই উপজেলার বাড়ইখালী গ্রামের মগবুল মুন্সীর ছেলে।

স্মরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, সুন্দরবন সংলগ্ন স্মরণখোলা উপজেলার পানিরঘাট এলকার হাবীব হাওলাদারের পরিত্যক্ত বাড়িতে বনদস্যু বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করা হয়।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। পুলিশ দাবি করেছে এ সময় প্রায় ৭০ রাউন্ড গুলি ছুড়েছে যৌথ বাহিনীর সদস্যরা। পরে বনদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বেল্লালকে মৃত অবস্থায় এবং ফরহাদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফরহাদকে স্মরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বেল্লাল বাহিনীর ব্যবহৃত ট্রলার ও তার অন্য সহযোগীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

বেল্লালের লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

কেএইচ