মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের সম্মিলিত বৌদ্ধ জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির চেষ্টা করছে। আমি বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাব, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধকে পুঁজি করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কেউ চেষ্টা করবেন না।
তিনি বলেন, আজ অনেকে বলছেন এ বছরের সেরা মিথ্যাবাদী, ‘লায়ার অব দ্যা ইয়ার’ হচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারণ তার মিথ্যাচার মহাসচিব মির্জা ফখরুলের মিথ্যাচারকেও ছাড়িয়ে গেছে।
মানববন্ধনে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহ, বৌদ্ধ নেতা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া প্রমুখ।
মাসুম/জেড





