বাড়ি, ফ্লাট, আঙ্গিনা, ছাদ, বারান্দা, ব্যালকনিতে গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র এ ঘোষণা দেন।
তিনি বৃক্ষরোপণ করে ঢাকা মহানগরীকে সবুজ ঢাকায় রূপান্তরে সহযোগিতায় এগিয়ে আসার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, যারা গাছ লাগাবেন তারা আগামী ৩০ জুন পর্যন্ত বকেয়াসহ বর্তমান অর্থবছরের চার কিস্তির পৌরকর একসাথে পরিশোধ করলে ১০ শতাংশ বিশেষ ছাড় দেয়া হবে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আআমস আরেফিন সিদ্দিক, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মেয়র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ওয়েস্ট বিনের উদ্বোধন করেন।
এমবি





