রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। প্রায় ৫ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভবনে একাধিক ফার্নিচারের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ আকার ধারণ করে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো ১৬টি ইউনিট যোগ দেয়।

আগুন লাগা ভবনটি বিটিআই ডেভেলপার কোম্পানির। ১৪ তলা ভবনের ৫ তলা থেকে ১৪ তলা পর্যন্ত আবাসিক হওয়ায় সেখানে শতাধিক মানুষ আটকা পড়েন। অধিকাংশ মানুষ ভবনের ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাদে আটকা পড়া সবাইকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে উত্তর বাড্ডার বিটিআই প্লাজায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে।

এমই