গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় রাতইল এলাকায় বাসের ধাক্কায় আকমল হোসেন (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানিয়েছে, সকালে গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে কাশিয়ানি উপজেলার রাতউল এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারী আকমলকে চাপা দেয় ওই বাস। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।

ঘটনার সত্যতা স্বীকার করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, বাসের ধাক্কায় পথচারীর নিহতের প্রতিবাদে ঢাকা- খুলনা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর