কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আবু হানিফ (৩৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ডাকাত হানিফ জেলার দেবিদ্বার উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত আবদুল হাকিমের পুত্র।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে আবু হানিফকে গ্রেফতার করে তার কাছ থেকে ২টি এল.জি ও ২ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়।
এসআই মো. শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত ডাকাত হানিফের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
জেআই





