নাশকতার অভিযোগ ও বিভিন্ন মামলায় সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলায় জামায়াত-শিবির কর্মীসহ ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ওসি শেখ এমদাদ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের চার কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের চার কর্মী রয়েছে। অন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এদিকে ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জামায়াতের দুই কর্মীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত রিপন হোসেন জানান, নাশকতার আশঙ্কায় রাতে জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে সোনা উল্লাহ ও বিশারত আলীর ছেলে বাশারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু থেকে আরো একজন, সদর উপজেলা থেকে আটজন, শৈলকুপা থেকে পাঁচজন, কালীগঞ্জ থেকে দুইজন, কোটচাঁদপুর থেকে দুইজন ও মহেশপুর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের মধ্যে আদালতের মাধেমে তাদের কারাগারে পাঠানো হবে।

এআর