মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ট্রলার নিয়ে কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমায় এসে একদল অস্ত্রধারী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে বিপ্লব নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া নায়েক আবদুর রাজ্জাক নামে বিজিবির অপর এক সদস্যকে ধরে নিয়ে গেছে বিজিপি।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, ভোরে বিজিবির একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিল। এসময় বিজিপির ট্রলার নিয়ে আসা একদল অস্ত্রধারীকে বাংলাদেশের জলসীমায় একটি ট্রলারে তল্লাশি চালাতে দেখে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে অস্ত্রধারীরা বিজিবির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে সিপাহি বিপ্লব গুলিবিদ্ধ হন।
তবে বিজিবি কক্সবাজার সেক্টরের জি-২ মেজর আমিনুল ইসলাম জানান, প্রতিদিনের মতো একদল চোরকারবারীকে ধাওয়া করেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে চোরকারবারীরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহলদলের উপর গুলিবর্ষণ করে। এতে বিপ্লব গুলিবিদ্ধ হন।
এছাড়া বিজিবি’র নায়েক আবদুর রাজ্জাক নামে এক সদস্য নাফ নদীতে পড়ে গেলে বিজিপি সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আহত বিজিবি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধরে নিয়ে যাওয়া সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।এই বিভাগের সর্বাধিক পঠিত
এএইচ





