নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাউশাম এলাকায় ট্রাকচাপায় ১১ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা মকবুল হোসেন নিহত হয়েছেন।
মকবুল হোসেন কলমাকান্দা উপজেলার খারনৈ বিওপি কমান্ডার নায়েক সুবেদার ছিলেন।
১১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম ইমাম হাসান জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে খারনৈ বিওপি থেকে মকবুল হোসেন মোটরসাইকেলে করে বিজিবির নেত্রকোনা সদর দফতরেরে আসছিলেন। কলমাকন্দার বাউশাম এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
তাকে আহত অবস্থায় প্রথমে কলমাকান্দা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যা পৌনে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, রাত সোয়া ১২টার দিকে মৃতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার সকালে ময়মনসিংহে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বিজিবির উদ্যোগে তার লাশ গ্রামের বাড়ি যশোহরের কেশবপুর এলাকায় নিয়ে যাওয়া হবে।
ঢাকা,১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//জেইউ